ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ বেহাল, সংস্কারের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ১৪ অক্টোবর ২০২৬
সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ বেহাল, সংস্কারের দাবি
সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের স্মৃতিবিজড়িত সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের মতো জাতীয় দলের ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক খেলার মাঠটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। অসমতল মাঠ, জলাবদ্ধতা ও কাদার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের খেলাধুলা, স্থানীয় ক্লাবগুলোর অনুশীলন এবং বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন। মাঠটি সংস্কার করে খেলার উপযোগী করার পাশাপাশি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীরা।

সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাঠটির বিভিন্ন অংশ উঁচু-নিচু। কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই মাঠে জলাবদ্ধতা তৈরি হয়। জমে থাকা পানি ও কাদার কারণে বছরের দীর্ঘ সময় মাঠটি খেলাধুলার অনুপযোগী থাকে।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে গণমুখী ক্লাবসহ স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠনের অনুশীলন ও টুর্নামেন্ট আয়োজনেও দেখা দিয়েছে স্থবিরতা।

স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মতে, মাঠটি সাতক্ষীরা শহরের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম প্রধান জায়গা। গ্রীষ্ম কিংবা শীত, প্রায় সব ঋতুতেই বিকেলে এখানে ক্রিকেট, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলার আয়োজন হতো। মাঠের বেহাল অবস্থার কারণে সেই চিত্র বদলে যাচ্ছে। খেলার সুযোগ সীমিত হয়ে পড়ায় শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।

মাঠটির অতীত ঐতিহ্য তুলে ধরে জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক ক্রিকেটারদের প্রাথমিক ভিত গড়ে উঠেছিল এই মাঠে। দীর্ঘদিনের অযত্নে মাঠটি এখন খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। উদীয়মান খেলোয়াড়দের স্বার্থে তিনি দ্রুত মাঠটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মাঠের বর্তমান অবস্থা ও সংস্কার পরিকল্পনা সম্পর্কে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু বলেন, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। মাঠটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করে মিনি স্টেডিয়ামে রূপান্তরের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে। দ্রুত সংস্কারকাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু মাঠ সংস্কার নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থাও নিশ্চিত করা জরুরি। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় তরুণ খেলোয়াড়েরা নিয়মিত অনুশীলনের সুযোগ পাবে। জাতীয় পর্যায়ের ক্রিকেটার তৈরির ঐতিহ্য ধরে রাখতে মাঠটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান সাতক্ষীরার ক্রীড়াপ্রেমী ও সচেতন নাগরিকেরা।

ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!