ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তালিকা বাতিলের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ১৪ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তালিকা বাতিলের দাবি
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সার ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিতর্কিত তালিকা বাতিলের দাবিতে মানববন্ধন করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় নতুন রাসায়নিক সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিতর্কিত ডিলার নিয়োগের তালিকা বাতিল করে যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৪ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, জেলার চারটি সংসদীয় আসনের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জনবিচ্ছিন্ন কয়েকজনের তৈরি করা তালিকার ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় ডিলার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিবারের প্রভাব খাটিয়ে ওই পরিবারের নিকটাত্মীয়, স্ত্রী, সন্তান ও শ্যালক-শ্যালিকার নামে একাধিক ডিলারশিপ দেওয়ার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও করেন তারা।

বিক্ষোভকারীরা দাবি করেন, যাদের আগে কখনো সার ব্যবসা বা কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল না, তাদেরও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ধরনের নিয়োগের ফলে প্রকৃত ও যোগ্য ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত বছরগুলোতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে স্বজনপ্রীতির মাধ্যমে ডিলার নিয়োগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিতর্কিত এ নিয়োগ প্রক্রিয়ার কারণে মাঠপর্যায়ে সাধারণ কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং সারের কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা অবিলম্বে বিতর্কিত নিয়োগের তালিকা বাতিল করে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রকৃত ব্যবসায়ীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।

সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টু, সদস্যসচিব শরিফুজ্জামান সজীব, যুগ্ম সম্পাদক খোকাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!