ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাঁথিয়ায় ১৩৪ বস্তা সার উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
প্রকাশিত: ১৯:৩২, ১৪ অক্টোবর ২০২৬
সাঁথিয়ায় ১৩৪ বস্তা সার উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা
পাবনার সাঁথিয়ায় অবৈধভাবে মজুত ১৩৪ বস্তা সার উদ্ধার করে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার সাঁথিয়া উপজেলায় অবৈধভাবে সার মজুত ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার গোডাউন থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ ১৩৪ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ বাজারে আদনান মেহেরাজ ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কামরুল মিলিটারিকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নাহিদ আল হাসান আসিফ জানান, আদনান মেহেরাজ ট্রেডার্সে অনুমোদন ছাড়া সার মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধার করা ১৩৪ বস্তা সার স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আসলাম উদ্দিন জানান, কামরুলের দোকান ও গোডাউন থেকে ১৩৪ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এসব সার ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রির দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনার সময় সাঁথিয়া থানা পুলিশের সদস্য এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইভি সুলতানা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!