ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ১৭ অক্টোবর ২০২৬
খুলনায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
ছবি: প্রতিকী

খুলনার ফুলবাড়িগেট এলাকায় পৃথক দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের বয়স ১৯ বছর, অন্যজনের ৮৩ বছর।

নিহতরা হলেন ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।

খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর পৌনে ৬টার দিকে ফুলবাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন সিয়াম। তার বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৯টার দিকে একই এলাকার ফুলবাড়ি মেইন গেটে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটার সময় খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন জয়নাল আবেদীন। তার একটি পা ও মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

এসআই এসএম রায়হান জানান, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। দুইজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!