ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ১০ অক্টোবর ২০২৬
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা। ছবি: সংগৃহিত

খুলনায় ছিনতাইকারীদের হামলায় এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হওয়ার পর রাতে একা চলাচল না করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। বিশেষ অভিযানসহ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুক্ষকের স্বাক্ষরে এ-সংক্রান্ত দাপ্তরিক চিঠি জারি করা হয়। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল-বেরুনী নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দাপ্তরিক নির্দেশনায় বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটায় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় রাতে কোনো পুলিশ সদস্য যেন একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপারদের বিভিন্ন শাখা, সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস ও কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। ওই ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ সদস্যদের রাতের দায়িত্ব পালনে বাড়তি সতর্কতা অবলম্বন এবং দলবদ্ধভাবে চলাচলের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!