সাংবাদিক লুৎফুর জামান হত্যার প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
নেত্রকোণার সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন দুর্গাপুরের সাংবাদিকরা। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।
শনিবার বেলা ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে কর্মসূচিতে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি দুর্গাপুর সাংবাদিক সমিতি ও নেত্রকোণার সাংবাদিকরা অংশ নেন।
দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম রফিক ও নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, প্রথম আলোর নেত্রকোণা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, প্রেসক্লাবের সদস্য ধনেশ পত্রনবীশ এবং সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদার।
বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।
প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন বলেন, সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে ছয়টি গুলি করে হত্যা করা হয়েছে। সত্য প্রকাশ করতে গিয়ে একজন সাংবাদিককে প্রাণ দিতে হলেও সাংবাদিকরা সত্য প্রকাশ থেকে পিছিয়ে যাবেন না। চোরাচালানে কারা জড়িত, তা পুলিশ জানে বলেও মন্তব্য করেন তিনি। হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান এই সাংবাদিক।
কর্মসূচিতে অন্য বক্তারাও সাংবাদিকদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান। একই সঙ্গে লুৎফুর জামান ফকির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এদিকে, একই দাবিতে নেত্রকোণা প্রেসক্লাবের সামনেও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।