ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মদনে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে শাড়ি বিতরণ

মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ১৯ অক্টোবর ২০২৬
মদনে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে শাড়ি বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।

সোমবার দুপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মদন উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি এবং দুস্থ ও অসহায় মানুষের হাতে শাড়ি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সবাই যেন আনন্দের সঙ্গে এ উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- এই চেতনাকে ধারণ করে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!