নেত্রকোণায় নানির বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে নাতির মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় অসুস্থ নানিকে দেখতে এসে মহাদেও নদে ডুবে নাহিদ ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যগাঁও গ্রামের নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ ইসলাম বৈদ্যগাঁও গ্রামের সাহিদ মিয়া ও জাহানারা বেগম দম্পতির কনিষ্ঠ ছেলে। সে ঢাকার উত্তর বাড্ডার একটি বেসরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
.png)
পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ নানিকে দেখতে কয়েক দিন আগে নানির বাড়ি বৈদ্যগাঁওয়ে আসে নাহিদ। রোববার দুপুরে কয়েকজন সমবয়সীর সঙ্গে গ্রামের মহাদেও নদীর পাড়ে খেলাধুলা করছিল সে। খেলা শেষে একাই বাড়ির উদ্দেশে রওনা হয় নাহিদ। নদীর পাড় দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা পানিতে নাহিদকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌভিক শ্রাবণ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।
নাহিদের চাচি সম্পা বেগম বলেন, ‘বাড়ির পাশে মহাদেও নদের পাড়ে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করছিল নাহিদ। একপর্যায়ে খেলার সাথীদের বাড়ি ফিরে যেতে বলে সে একাই রওনা হয়। পরে তার খেলার সাথীরা ফেরার পথে পানিতে নাহিদকে ভাসতে দেখে ডাক-চিৎকার শুরু করে।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।