ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ১৯ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার সকালে পরিবারের সদস্য ও প্রতিনিধি দলের কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি ঐতিহাসিক স্থাপনা ও জামদানি পল্লী ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে রাষ্ট্রদূত প্রথমে পানাম নগরীর বিভিন্ন ঐতিহাসিক ভবন পরিদর্শন করেন। পরে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানি পল্লী ঘুরে দেখেন।

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, জামদানি পল্লীতে তাঁতশিল্পীদের হাতে বোনা শাড়ির নকশা ও কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। সময় স্বল্পতার কারণে তিনি বড় সরদারবাড়ি ও ফাউন্ডেশনের জাদুঘরে প্রবেশ করতে পারেননি। তবে ভবিষ্যতে আবারও সেখানে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান বলেন, রাষ্ট্রদূত অল্প সময়ের জন্য পানাম নগরীতে অবস্থান করেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি নগরীটি ঘুরে দেখেন। ৩৩ নম্বর ভবন থেকে পরিদর্শন শুরু করে বিভিন্ন ঐতিহাসিক ভবন ঘুরে দেখেন তিনি। এ সময় পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।

এ ছাড়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!