ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে পাচার হওয়া ২৮০ বস্তা সার উদ্ধার, আটক ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১৯ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে পাচার হওয়া ২৮০ বস্তা সার উদ্ধার, আটক ২
মানিকগঞ্জে পাচারের সময় ২৮০ বস্তা সরকারি ডিএপি সারবোঝাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে কুমিল্লা থেকে পাবনায় পাচারের সময় ২৮০ বস্তা সরকারি ডিএপি সারবোঝাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগের বেরিয়ার গেটের সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন ট্রাকচালক রুবেল হোসেন ও হেলপার মনির হোসেন।

পুলিশ জানায়, কুমিল্লার দাউদকান্দি থেকে ২৮০ বস্তা সরকারি ডিএপি সার নিয়ে ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল। পথে মানিকগঞ্জের নয়াকান্দি এলাকায় টহল পুলিশের সন্দেহ হলে ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় চালক ও হেলপার ট্রাকের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সার পাচারের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সারবোঝাই ট্রাকটি উদ্ধার করে চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!