রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য: সারাহ কুক
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য। মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি হলে রোহিঙ্গারা যাতে নিরাপদে নিজ দেশে ফিরতে পারেন, তা নিশ্চিত করাই যুক্তরাজ্যের লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি সাহেববাড়ির দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারাহ কুক বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে যুক্তরাজ্য। গত নয় বছরে রোহিঙ্গাদের সহায়তায় ৪৬০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ দিয়েছে দেশটি। এ সংকট সমাধানে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাজ্য। মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি হলে রোহিঙ্গারা যেন স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা।
বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক
দুই দেশের সম্পর্কের বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দীর্ঘদিনের এই অংশীদারত্ব বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত হচ্ছে। যুক্তরাজ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামগ্রিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দুই দেশ একসঙ্গে কাজ করছে।
দুর্গাপূজার আয়োজনে মুগ্ধ ব্রিটিশ হাইকমিশনার
টাঙ্গাইলের মির্জাপুরে দুর্গাপূজার আয়োজনের প্রশংসা করে সারাহ কুক বলেন, কুমুদিনীতে দুর্গাপূজার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। এটি তার তৃতীয়বারের মতো এখানে আসা। প্রতিবারই পূজার বর্ণিল আয়োজন, সংগীত, নাচ ও উৎসবের পরিবেশ তাকে মুগ্ধ করে।
তিনি বলেন, এ উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্র করে। সব ধর্মের মানুষ একসঙ্গে আনন্দ উদ্যাপন করেন, যা এই আয়োজনকে বিশেষ মর্যাদা দিয়েছে।
এর আগে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কর্তৃপক্ষ ফুল দিয়ে ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানায়। পরে তিনি কুমুদিনী লাইব্রেরি পরিদর্শন করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমুদিনী কমপ্লেক্স থেকে বেরিয়ে বজরা নৌকায় লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজামণ্ডপে যান তিনি। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।