ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনায় মায়ের প্রাণ কেড়ে নিল মাদকাসক্ত ছেলে

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ২০ অক্টোবর ২০২৬
পাবনায় মায়ের প্রাণ কেড়ে নিল মাদকাসক্ত ছেলে
ছরি- ডেইলি বাংলাদেশ

পাবনার ফরিদপুর উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে সূর্য বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। মাদক কেনার টাকা না পেয়ে তার ছেলে মো. উদ্দিন সরদার (৩০) এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সূর্য বেগম ওই গ্রামের লোকমান আলীর স্ত্রী। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। চার সন্তানের মধ্যে উদ্দিন সবার ছোট। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্র জানায়, উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ কারণে প্রায় তিন মাস আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে উদ্দিন বাড়িতে একাই থাকতেন। তার বাবা লোকমান আলী দীর্ঘদিন ধরে দৃষ্টিহীন। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সূর্য বেগম বাড়িতে রান্না করছিলেন। এ সময় মাদক কেনার টাকা চেয়ে মায়ের ওপর চাপ সৃষ্টি করেন উদ্দিন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে মাকে উপর্যুপরি আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই সূর্য বেগমের মৃত্যু হয়।

ঘটনার পর উদ্দিন পাশের একটি বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!