ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে আগুনে পুড়ল আট ঘর, ক্ষতিগ্রস্ত দোকান-গোডাউন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ২৩ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে আগুনে পুড়ল আট ঘর, ক্ষতিগ্রস্ত দোকান-গোডাউন
অগ্নিকাণ্ডে দোকান-গোডাউনসহ ৮ ঘর ক্ষতিগ্রস্ত। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে তুলা, লেপ-তোষক, ফ্রিজ, বিভিন্ন যন্ত্রপাতি, মেশিন ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নির্ধারণ করা যায়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে বাজারের বিশ্বাস সুপার মার্কেটের বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় কিছু মালামাল উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডে জহুরুল ইসলামের তুলার গোডাউন, লেপ-তোষকের দোকান ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। এ ছাড়া তাঁর ভাই সাখাওয়াত হোসেনের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় মিলন হোসেনের ফ্রিজের গোডাউনও ক্ষতিগ্রস্ত হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত অন্য ব্যবসায়ীরা হলেন মিলন শেখ, সফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মামুন, আরিফুল ও আলহাজ মো. মাজহারুল ইসলাম। তাঁদের মধ্যে মাজহারুল ইসলামের দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আটটি ঘরের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালামালের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!