ভৈরবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল সহায়তা
কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে চন্ডিবের গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ৩৬ হাজার টাকার নগদ চেক, দুই বান্ডিল করে ঢেউটিন ও খাদ্যসামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।
.png)
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং আগুনে তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে খোঁজ নেন। পরে তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকেও তাদের আরও সহায়তা দেওয়া হবে।
এর আগে ১ অক্টোবর চন্ডিবের গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আশপাশের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০ থেকে ১২টি ঘরসহ ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
সহায়তা বিতরণ শেষে প্রতিমন্ত্রী চন্ডিবের জেলেপাড়ায় গিয়ে নিম্নআয়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি চন্ডিবের হিন্দুপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার বিষয়ে খোঁজ নেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।