ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক জায়গায় মিলছে সবজি ফলসহ নানা রকমের পণ্য

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৬, ২৫ নভেম্বর ২০২৬
এক জায়গায় মিলছে সবজি ফলসহ নানা রকমের পণ্য
আখাউড়ায় এক জায়গায় মিলছে সবজি ফলসহ নানা রকমের পণ্য। ছবি: ডেইলি বাংলাদেশ

দোকানে সারি সারি করে সাজানো রয়েছে হরেক রকমের শাকসবজি, দেশি-বিদেশি ফল ও ডিমসহ নানা রকমের পণ্য। কেউ ক্রয় করছেন টাটকা সবজি, ফল, আবার কেউ ক্রয় করছেন ডিম, পান সুপারিসহ নানা রকমের পণ্য। ক্রেতারা এক সঙ্গে স্বস্তি নিয়ে নানা ধরনের পণ্য কিনে বাড়ি ফিরছেন। এমন দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায়।

পৌরসভার উদ্যোগে নির্ধারিত জায়গাতে ওইসব দোকান বসানোর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতাদের ছুটতে হচ্ছে না এক দোকান থেকে অন্য দোকানে। 

এক জায়গায় ওইসব পণ্য পাওয়ায়  স্বস্তি মিলেছে সাধারণ ক্রেতাদের। এই বাজারটি সকাল থেকে রাত পযর্ন্ত বেশ জমজমাট থাকায় ইতিমধ্যে বেশ পরিচিতি লাভ করেছে।


খোঁজ নিয়ে জানা গেছে, পৌর শহরের সড়ক বাজার এলাকায় দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল করে দোকান বসানো আর সড়কের ওপর যত্রতত্র পণ্য বিক্রির কারণে ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গী। যানজট নিরসনে পৌরসভার উদ্যোগ নেন। পৌর সভা সংলগ্ন স্থানে বিশাল জায়গাজুড়ে প্রায় শতাধিক ক্ষুদ্র দোকান বসানো হয়। ফলে এক জায়গায়  মিলছে হরেক রকমের শাকসবজি, দেশি-বিদেশি ফল ও ডিমসহ নানা রকমের পণ্য।

একাধিক ব‍্যবসায়ী জানান  দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের  ব্যস্ততা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের আনাগোনা। বাজারের পরিবেশ ভালো থাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর মানুষের পদচারণায় বেশ জমে উঠছে । 

সরেজমিনে দেখা যায়, বাজারের দোকানগুলোতে সারি সারি করে সাজানো রয়েছে হরেক রকমের শাকসবজি ফল ও ডিমসহ নানা রকমের পণ্য। সকাল থেকেই ব্যস্ত হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। এক জায়গাতে সব কিছু পাওয়ায় ক্রেতারা বেশ স্বস্তিতে কেনা কাটা করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে সড়কের পাশে ও ফুটপাতের ওপর ফল, শাকসবজিসহ  নানা ধরনের পণ্যের দোকান বসানো হতো। অনেক দোকানি সড়কের একাংশ দখল করে ব্যবসা পরিচালনা করায় যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ত। পথচারীদেরও দোকানের ফাঁক দিয়ে কিংবা মূল সড়কে নেমে চলাচল করতে হতো। এতে শহরে  সৃষ্টি হতো যানজটের।
পৌরসভার নির্ধারিত স্থানে ফল ও কাঁচাবাজার বসায় সড়কে নেই কোন দোকান পাট। ফলে ব্যস্ত সড়কে যানবাহন চলাচল তুলনামূলক সহজ হয়েছে। বাজার করতে আসা মানুষও নির্দিষ্ট স্থানে গিয়ে প্রয়োজনীয় পণ্য ক্রয় করছেন।

ক্রেতা মো: জামশেদ মিয়া ডেইলি বাংলাদেশকে  বলেন, আগে বিভিন্ন জায়গা থেকে সবজি, ফলসহ অন্যান্য পণ্য ক্রয় করতে হতো। নিত্যদিনের বাজার করতে ভালো সময় চলে যেতো সেইসাথে থাকতো কষ্টও। এখন এক জায়গা থেকে সবজি, ফল ও ডিমসহ প্রয়োজনীয় পণ্য ক্রয় করছি। এতে কোন কষ্ট হয় না,সময় বেচে যাচ্ছে।  এখানে বাজারের পরিবেশ ভালো রয়েছে বলে জানান।

গৃহিণী আসমা আক্তার বলেন, আগে বাজার করতে খুবই ভোগান্তির শিকার হতে হতো। একেক পণ্য একেক জায়গা থেকে ক্রয় করেছি।  এতে খুবই ভোগান্তি হতো। এখন এক জায়গাত থেকেই  সবজি ফলসহ নানা পণ্য ক্রয় করছি। এখানে সারিবদ্ধভাবে রয়েছে  হরেক রকমের দোকান। স্বস্তি নিয়ে দেখে দেখে ক্রয় করতে পারায় খুবই ভালো লাগছে।

মো: ইলিয়াস হোসেন বলেন, এখন বাজার করতে কোন ঝামেলা পোহাতে হয় না। এক জায়গা থেকেই পছন্দের সব ধরণের পণ্য ক্রয় করছি। এক সময় বাজার করতে খুবই কষ্ট হতো। ভিড়ের কারণে অনেক সময় টাকাও খোয়া যেতো। এমন পরিবেশ তৈরী করায় সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানায়।

মো: মনিরুল ইসলাম বলেন, দীর্ঘ বছর পর  বাজারে এমন উদ্যোগ নেওয়ায় এখন স্বস্তি নিয়ে এক জায়গা থেকে সবজি, ফলসহ নানা প্রকারের পণ্য ক্রয় করছি। আমাদেরমতো কর্মব্যস্ত মানুষের কাছে এখন এই জায়গাটি বেশ ভালো হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানায়।

ক্ষুদ্র ব্যবসায়ী মো: শহীদুল ইসলাম  জানান, সকাল থেকেই বাজারে ক্রেতাদের উপস্থিতি থাকে। তবে বিকেল ও সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় আরও বাড়ে। রাতেও অনেক মানুষ বাজার করতে আসেন। এ কারণে দিন-রাতই বাজারে কমবেশি ভালো বেচাকেনা হচ্ছে। আগে ফুটপাতে ব্যবসা করেছি। কিন্তু এমন বিক্রি হতো না। ফুটপাত থেকে এখানে খুবই ভালো আছি।

মো: বোরহান উদ্দিন বলেন, আসলে মানুষ এখন ভালো পরিবেশ চাই। এই জায়গায় এসে খুবই ভালো লাগছে। মালের পরিমাণ ও বেশী রাখা যাচ্ছে বেচাকেনা ও ভালো হচ্ছে। তিনি আরও বলেন আগে ফুটপাতে ব্যবসা করতে ভয় করতো। কখন প্রশাসনের লোকজন চলে আসে। এখন আর ভয় নেই। দিন দিন ক্রেতা বাড়ায়  বিক্রি ও ভালো হচ্ছে।

মো: আবু তাহের বলেন, দীর্ঘ বছর ধরে ফুটপাতে ব্যবসা করেছি। ওই জায়গাতে সব সময় ঝুকি ছিল। কখনো কল্পনা করেনি আমাদের নির্ধারিত একটি জায়গা হবে। এখন আর কোন ভয় নেই। শুরু থেকেই বাজার জমে উঠেছে। এখানে এক সাথে সব পণ্য পাওয়ায় লোকজন স্বস্তি নিয়ে কেনাকাটা করতে পারছে।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!