ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ডিএমপির অভিযানে ৪৯৭ জন গ্রেপ্তার
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৬০ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ১০০ জন, মিরপুরে ১১৭ জন, গুলশানে ৪১ জন এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা এবং বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
এ ছাড়া এক লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
আকতার হোসেন জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।