ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গুমের শিকার প্রায় ২০০ জনের সন্ধান মেলেনি: চিফ প্রসিকিউটর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনসহ বিভিন্ন গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেছেন, গুমের শিকার প্রায় ২০০ জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, এরই মধ্যে গুমের কয়েকটি মামলার বিচার শুরু হয়েছে। বেশ কয়েকটি মামলা শুনানির পর্যায়ে রয়েছে। গুমের বিষয়ে আইন পাস হয়েছে। ব্যাপক ও পদ্ধতিগতভাবে সংঘটিত গুমের অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে।
তদন্তাধীন মামলাগুলোর অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনসহ অন্যদের গুমের ঘটনায় তদন্ত চলছে। গুমের শিকার প্রায় ২০০ ব্যক্তির এখনো সন্ধান মেলেনি। তারা বেঁচে আছেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে সব গুমের ঘটনা একসঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, গুমের ঘটনার তদন্ত ব্যাপক হওয়ায় শত শত ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলছে। এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের আশা করছেন তারা। এরপর গুমের ঘটনাগুলোর বিচারপ্রক্রিয়া শুরু হবে।