ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অর্থ আত্মসাৎ: নগদের প্রশাসক মোতাছিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধানের মধ্যে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে এ আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আক্তারুল ইসলাম নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে দেওয়া আবেদনে দুদক জানায়, নগদ লিমিটেডের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। অনুসন্ধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের পারস্পরিক যোগসাজশের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দুদকের কাছে তথ্য রয়েছে, মোতাছিম বিল্লাহ বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশযাত্রা বন্ধ রাখার আবেদন করা হয়। নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের বিশেষ শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক মোতাছিম বিল্লাহকে নগদ লিমিটেডের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর আগে দায়িত্বে থাকা মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দেওয়া হয়েছিল। মোতাছিম বিল্লাহ তখন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক ছিলেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের এপ্রিলে তিনি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান।
নগদের আর্থিক অনিয়ম নিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকেই তদন্ত ও আইনি পদক্ষেপ চলছে। ওই বছরের ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়ম, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে। এতে নগদের সাবেক কর্মকর্তা এবং ডাক অধিদপ্তরের কর্মকর্তাসহ ২৪ জনকে আসামি করা হয়।
এরপর ১২ ফেব্রুয়ারি নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য পাওয়ার দাবি করে দুদক। এর মধ্যে ৬০০ কোটি টাকার অতিরিক্ত ই-মানি তৈরি এবং সরকারি ভাতার অর্থ বিতরণের ৪১টি হিসাবে প্রায় ১ হাজার ৭১১ কোটি টাকার অননুমোদিত লেনদেনের অভিযোগও সামনে আসে।