ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাসিনার দেশে ফেরা নিয়ে নওগাঁয় মাইকিং, গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ২৩ অক্টোবর ২০২৬
হাসিনার দেশে ফেরা নিয়ে নওগাঁয় মাইকিং, গ্রেপ্তার ২
হাসিনার দেশে ফেরা নিয়ে নওগাঁয় মাইকিংয়ের ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিংয়ের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২ নং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অপরজন নবগ্রাম তালাপাড়া গ্রামের আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, উপজেলার কাশোপাড়া ইউনিয়নের আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ওই ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে জেলা পুলিশ কাজ শুরু করে। এবং তারই ধারাবাহিকতায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গতকাল রাতেই দুজন ফ্যাসিস্ট নেতা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদ বিষয়টি জানেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

এসপি তারিকুল ইসলাম আরও জানান, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা যারা করবে, তাদের কঠোর হস্তে দমন করবে পুলিশ। মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/নওগাঁ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!