শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হুমকির প্রতিবাদে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি এবং অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বাস্থ্যকর্মীরা। এ সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকসংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম মফিদুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা অমিয় জ্যোতি সাইফুল্লাহ, চিকিৎসক শরীফ মো. হাসানুজ্জামান সাব্বির, নার্সিং ইনচার্জ শারমিন আলম, মেডিকেল টেকনোলজিস্ট মো. মাহবুবুল আলম শাহীন ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মনিরুজ্জামান বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় রেজাউল করিম ফাক্কুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। তাদের হুমকি ও ভয়ভীতির কারণে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালনে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। এতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, গত শুক্রবার দুপুরে রেজাউল করিম ফাক্কুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি চিকিৎসা নেওয়ার কথা বলে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। পরে তারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের হুমকি দেন।
তারা বলেন, হাসপাতাল মানুষের চিকিৎসাসেবা পাওয়ার গুরুত্বপূর্ণ স্থান। এখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের হুমকি বা অসৌজন্যমূলক আচরণে যেন চিকিৎসাসেবা ব্যাহত না হয়, সে জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে জানানো হয়, এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কর্মসূচি থেকে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া, স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখার দাবি জানানো হয়। দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।