সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানের আরও দুই যাত্রী।
নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে অটোভ্যানচালক হুমায়ুন কবির এবং হেমন্তবাড়ি গ্রামের মিন্টু সরদারের ছেলে সুজন সরদার। রোববার রাতে ঢাকা-পাবনা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মেহেদী হাসান জানান, রোববার রাতে অটোভ্যানটি উপজেলার বালসাবাড়ি-কাঁঠালতলা সড়ক দিয়ে যাওয়ার সময় পাবনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক হুমায়ুনের মৃত্যু হয়। গুরুতর আহত সুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। আহত অপর দুই যাত্রী উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।