চাটমোহরে যানজট নিরসনে দুই ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ
পাবনার চাটমোহর পৌর শহরের যানজট নিরসনে দুটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য দুইজন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে পৌরসভা। নিজস্ব অর্থায়নে থানা বাজার মোড় ও নতুন বাজারের জার্দিস মোড়ে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে থানা বাজার মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, সাবেক সভাপতি এ এম জাকারিয়া, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শেখ মো. জিয়ারুল হক সিন্টু।
এ ছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিএনপির নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও খালিদ হাসান জানান, পৌর শহরে যানজট নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভারী যানবাহন দিয়ে কোনো স্থানে মালামাল ওঠানো-নামানো যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত দুই ট্রাফিক স্বেচ্ছাসেবককে ছাতা, বাঁশিসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়। পৌর কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের ফলে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা সহজ হবে।