চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২, সড়ক অবরোধ
চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে দুই নেতা আহত হয়েছেন। আহতরা হলেন স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব ও যুবদলকর্মী ঘোষণা কবির। তাঁদের মধ্যে ঘোষণা কবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে নাসির উদ্দিন বিপ্লব ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
৭ নভেম্বর, শনিবার রাত ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের অদূরে সরকারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এক পক্ষের কর্মী-সমর্থকেরা ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে আটকা পড়ে বিভিন্ন যানবাহন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সংসদ সদস্য সরওয়ার আলমগীরের অনুসারী হিসেবে পরিচিত যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরীর অনুসারী বিএনপি নেতা নুরুল আমিন আজাদের সমর্থক যুবদলকর্মী ঘোষণা কবির ছুরিকাঘাতে আহত হন।
স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে প্রথমে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঘোষণা কবিরকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে সংঘর্ষের পর এক পক্ষের কর্মী-সমর্থকেরা ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।