ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭, ২৭ জুলাই ২০২৬
আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা
ছবি: সংগৃহীত

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু হচ্ছে। একই সঙ্গে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পূর্বঘোষিত রুটিন অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

বোর্ডের সময়সূচি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা শুরু হবে। এছাড়া বিকেলের শিফটে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।

Advertisement

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং তাজভিদ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটি শাখার পরীক্ষার্থীরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশ নেবেন।

উল্লেখ্য, বন্যা-পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগের চরম দুর্ভোগ বিবেচনা করে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সমস্ত অবশিষ্ট পরীক্ষা স্থগিত করা হয়েছিল। একই নির্দেশনার আওতায় আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্সের পরীক্ষাও স্থগিত রাখা হয়েছিল।

পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ২৩ জুলাই ঘোষণা দেন যে, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। তবে স্থগিতাদেশ জারির পূর্বে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর মূল্যায়ন বা পুনর্গ্রহণ পরবর্তীতে নতুন সময়সূচি প্রকাশের মাধ্যমে সম্পন্ন করা হবে।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় নিবন্ধন করেছেন। এর মধ্যে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী ১১৪টি কেন্দ্রের মাধ্যমে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!