ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
‘তোমার গায়ে খুব বাজে গন্ধ’ বলে অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে অপমান
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় পিএইচডি শিক্ষার্থী বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। কামাক্ষী নামের ওই শিক্ষার্থীর অভিযোগ, যুক্তরাজ্যের একটি দোকানে কেনাকাটার সময় এক শ্বেতাঙ্গ নারী তাকে উদ্দেশ করে বলেন, ‘তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’ আকস্মিক এ অপমানজনক মন্তব্যে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন কামাক্ষী। তিনি জানান, দোকানে কেনাকাটার সময় এক নারী বেশ কিছুক্ষণ ধরে তার আশপাশে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে ওই নারী কাছে এসে বলেন, ‘আমি এটা করতে চাইনি, কিন্তু আমাকে করতেই হবে। তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’
হঠাৎ এমন মন্তব্য শুনে হতবাক হয়ে যান কামাক্ষী। তাৎক্ষণিকভাবে কোনো জবাব দিতে পারেননি তিনি। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘আমি জমে গিয়েছিলাম। আমার মস্তিষ্ক যতক্ষণে বুঝে উঠল কী ঘটেছে, ততক্ষণে ওই নারী চলে গেছেন।’
ঘটনাটি তাকে গভীরভাবে আহত করেছে। বিশেষ করে ওই দিন তিনি যে পারফিউম ব্যবহার করেছিলেন, সেটি ছিল তার বাবার প্রিয় সুগন্ধি। বাবার সঙ্গে আবেগের স্মৃতি জড়িয়ে থাকা সেই সুগন্ধি নিয়েই এমন অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে তাকে।
কামাক্ষী জানান, ঘটনার পর পুরো দিন তিনি নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেছেন, যেন কেউ তাকে লক্ষ না করেন। তার ভাষায়, ‘পুরো দিন আমি নিজেকে ছোট করে রাখার চেষ্টা করেছি, যেন কারও নজরে না পড়ি।’
তবে এ ঘটনাকে বিচ্ছিন্ন কোনো অভিজ্ঞতা হিসেবে দেখতে নারাজ কামাক্ষী। তার মতে, অক্সফোর্ডে বর্ণের মানুষদের প্রতিদিনই বিভিন্ন ধরনের বর্ণবাদী আচরণ ও সূক্ষ্ম অবমাননার মুখোমুখি হতে হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক বর্ণবাদের ইতিহাস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
কামাক্ষীর অভিযোগ, এমন কোনো নামী প্রতিষ্ঠান নেই, যার শিকড়ে বর্ণবাদ, সাম্রাজ্যবাদ কিংবা অন্তত কোনো সমস্যাজনক ইতিহাস নেই। বিশ্ববিদ্যালয়ে বর্ণবাদী ব্যক্তিদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এত কিছুর পরও নিজের সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন এই শিক্ষার্থী। তিনি বলেন, ‘সে কারণেই আমি এখনো দেশি পোশাক পরি, ঝুমকা পরি, টিপ পরি এবং একই পারফিউম ব্যবহার করি।’
ভারতে বিক্ষোভের সময় এক বন্ধুর বলা কথাও স্মরণ করেন কামাক্ষী। ওই বন্ধু বলেছিলেন, ‘আমরা প্রতিদিন লড়ি, আর হেরে যাই। কিন্তু আমরা এই পৃথিবীকে একটু একটু করে নিজের করে নিই।’
কামাক্ষীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভারতীয়সহ বিভিন্ন বর্ণের শিক্ষার্থীদের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার বিষয়টি নতুন করে সামনে এসেছে। একই সঙ্গে মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।