ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, পাঁচ লাখ মিষ্টি ও ৫ হেলিপ্যাডের আয়োজন!
এক রাজনীতিকের মেয়ের বিয়েতে প্রায় ৪ লাখ অতিথির সমাগম ঘটেছে। বিপুল মানুষের উপস্থিতিতে আশপাশের সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। বিয়ের অনুষ্ঠান একনজর দেখতে অনেকে গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। অতিথিদের আপ্যায়নে তৈরি করা হয় পাঁচ লাখ মিষ্টি। রান্নার দায়িত্বে ছিলেন প্রায় ৫০০ রাঁধুনি।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের বিহার রাজ্যের পাটনা জেলার নাদওয়ান গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়। পাত্রী শিবাঙ্গী সিংয়ের বাবা অনন্ত সিং বিহারের ছয়বারের আইনপ্রণেতা। তার মেয়ের বিয়েকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই এলাকায় চলছিল ব্যাপক প্রস্তুতি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েতে গ্রামের বাসিন্দা, রাজনৈতিক সহযোগী ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আয়োজনে অতিথিদের জন্য তৈরি করা হয় পাঁচ লাখ ঐতিহ্যবাহী মিষ্টি। পাশাপাশি ৫০০ রাঁধুনি ও বাবুর্চির বিশাল দল নিরামিষ খাবার প্রস্তুত করেন।
বিয়ের অনুষ্ঠানে অতিথি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আনা-নেওয়ার জন্য তৈরি করা হয় পাঁচটি হেলিপ্যাড। বিভিন্ন স্থান থেকে হেলিকপ্টারে করে অতিথিরা সেখানে পৌঁছান। প্রতিবার হেলিকপ্টার অবতরণের সময় ধুলার মেঘ ছড়িয়ে পড়লেও দর্শনার্থীদের উৎসাহে ভাটা পড়েনি।
বিপুল মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে যাওয়ার সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, এক রাজনীতিক গাড়ি নিয়ে অনুষ্ঠানস্থলে যেতে না পেরে সেটি রেখে কৃষিজমির মধ্য দিয়ে ট্রাক্টরে চড়ে সেখানে পৌঁছান বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিয়ের অন্যতম আকর্ষণ ছিল ২০০ ঘোড়ার অংশগ্রহণে ঘোড়দৌড় প্রতিযোগিতা। তবে প্রায় এক লাখ দর্শনার্থী জড়ো হওয়ায় নিরাপত্তা ও ভিড়ের কারণে প্রতিযোগিতাটি পিছিয়ে দিতে বাধ্য হন আয়োজকেরা। অনুষ্ঠানস্থলের আশপাশে গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে দর্শনার্থীদের অনুষ্ঠান দেখার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
বিয়ের সাজসজ্জায় ব্যবহার করা হয় চীন থেকে আমদানি করা বিভিন্ন ধরনের ফুল। ছিল আতশবাজির আয়োজনও। কনে শিবাঙ্গী সিং বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িতে বিয়ের অনুষ্ঠানে পৌঁছান। অন্যদিকে বর ঋষিকেশ কুমার আসেন প্রায় ২০০ গাড়ির বহর নিয়ে।
দ্য ইন্ডিপেনডেন্টের ২৭ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, বর ঋষিকেশ কুমার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থী। বিয়েতে তাকে একটি সাদা রঙের ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি, ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চেইন এবং ৮০ গ্রাম ওজনের স্বর্ণের ব্রেসলেট উপহার দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অনন্ত সিং বিহারে ‘ছোটে সরকার’ নামে পরিচিত। মেয়ের বিয়ের আয়োজন নিয়ে অতিরিক্ত জাঁকজমকের সমালোচনা প্রসঙ্গে তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, বড় মেয়ের বিয়েতেও একই ধরনের আয়োজন করেছিলেন তিনি।
তবে অনন্ত সিংকে ঘিরে বিতর্কও রয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ ও চাঁদাবাজিসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। তবে এসব অভিযোগে কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন তিনি।
এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে প্রতিবছর এক কোটির বেশি বিয়ে অনুষ্ঠিত হয়। পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজির হিসাব অনুযায়ী, দেশটির বিয়েকেন্দ্রিক শিল্পের বাজারমূল্য ৪ হাজার থেকে ৫ হাজার কোটি ডলার।
বিহারের একটি প্রত্যন্ত গ্রামে আয়োজিত এ বিয়ের অনুষ্ঠান এখন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।