দীর্ঘ চার বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জামালপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সৌহার্দ্যপূর্ণ শিক্ষা সফর। শুক্রবার (৪ সেপ্টেম্বর) একদিনের এ সফরে সংগঠনের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে কক্সবাজার হয়ে পাটুয়ার টেক পর্যন্ত ভ্রমণ করেন।
সফরকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে দিনব্যাপী নানা বিনোদনমূলক আয়োজন করা হয়। এর মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা, বিচ ফুটবল, লটারি ও বিভিন্ন দলীয় কার্যক্রম। এসব আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীরা আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি নিজেদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান।
.png)
সংগঠনের সভাপতি আরাফাত বিন উচ্ছ্বাস বলেন, সফরের জন্য নির্ধারিত চাঁদার তুলনায় বাস্তবে বেশি অর্থ ভর্তুকি দিতে হয়েছে। সফরটি সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সব স্পনসর ও সংগঠনের সাবেক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘ চার বছর পর আয়োজিত এ সফর সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও বাড়াবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন সংগঠনের ঐক্য ও সম্প্রীতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে শিগগিরই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান আরাফাত বিন উচ্ছ্বাস।
সফর সফল করতে ট্যুর ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক গোলাম মুক্তাদির সিফাত, কোষাধ্যক্ষ ফেরদৌস হাসান তুষার, সদস্য সচিব খালেদ মাহমুদসহ কমিটির সব সদস্যের পরিশ্রম ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি মাহী মোস্তফা নাহীন ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। দীর্ঘদিন পর এমন মিলনমেলার আয়োজন করায় তারা বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও সংগঠনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।