ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৫৪, ১০ সেপ্টেম্বর ২০২৪
ভারতে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ আদালতের
ফাইল ফটো

পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালে শিক্ষানবীশ এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের কাজে ফিরতে বলে এর সময়ও বেঁধে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

সোমবার (৯ সেপ্টেম্বর) আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে চিকিৎসকদেরকে কাজে যোগ দিতে হবে।

এই সময়সীমা কেউ অগ্রাহ্য করলে তার বিরুদ্ধে বিরূপ পদক্ষেপ নেয়া হবে বলেও সতর্ক করেছে আদালত।

Advertisement

শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, ‘বাস্তব পরিস্থিতি কী চলেছে আমরা সবাই জানি। কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে।’

তিনি স্মরণ করিয়ে দেন, ‘চিকিৎসকদের প্রথম কাজ চিকিৎসা করা। তাদের নিরাপত্তার নির্দেশ আমরা দিয়েছি। তারা কাজে যোগ না দিলে আমরা প্রত্যেককে নোটিস দেব।’

এরপরই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বিচারপতি বলেন, ‘আপনারা নিশ্চিত করুন, যে চিকিৎসকরা কাজে যোগ দেবেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে না। এমনকি তাদের বদলি করাও যাবে না।’

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকেই আন্দোলনে নামেন চিকিৎসকরা। বিচারের দাবিতে পথে নামেন তারা। আরজি করের সামনে তারা অবস্থান ধর্মঘটও করে আসছেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এক পুলিশ স্বেচ্ছাসেবককে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ গত সপ্তাহে জানিয়েছে, কলেজটির সাবেক অধ্যক্ষকেও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

তবে চিকিৎসকরা শুধু হত্যাকাণ্ডের ন্যায়বিচারই নয়, সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও কর্মীদের বিশ্রামের সুযোগ-সুবিধার উন্নতিও দাবি করছেন। তারা অভিযোগ করেন, হাসপাতালগুলোতে নিরাপত্তা ও মৌলিক অবকাঠামোর ঘাটতি রয়েছে।

আদালত পশ্চিমবঙ্গ সরকারকে চিকিৎসকদের উদ্বেগ দূর করার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে পুরুষ ও নারী কর্মীদের জন্য পৃথক বিশ্রাম কক্ষ ও শৌচাগারের ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে রাজ্য সরকার বার বার প্রতিবাদী এই চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেও জুনিয়ররা কাজে ফেরেনি। আদালতে সোমবারের শুনানিতে সে প্রসঙ্গ উঠলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, অবিলম্বে কাজে যোগ দিতে হবে চিকিৎসকদের।

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা নিয়ে আগের শুনানিতেও চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ জানিয়েছিলেন প্রধান বিচারপতি। সেই ডাকে সাড়া দিয়ে কিছু চিকিৎসক কাজে ফিরলেও আরজি করসহ পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজগুলোতে প্রতিবাদ কর্মসূচি বন্ধ হয়নি।

আরজি করের প্রতিবাদী চিকিৎসকরাও জানিয়েছিলেন, তারা কর্মবিরতি বন্ধ করছে না। শেষপর্যন্ত সুপ্রিম কোর্ট এবার সময় বেঁধে দিয়ে কাজে ফেরার নির্দেশ দিল চিকিৎসকদের।

এদিকে কলকাতায় ঘটা এই ঘটনার প্রতিবাদে ভারতের সীমানা ছাড়িয়ে ২৫টি দেশের ১৩০টি শহরে প্রবাসী ভারতীয়রাও বিক্ষোভ করেছেন। জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শহরগুলোতে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!