ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের ৯ সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ পার্বত্যমন্ত্রীর

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ২২ সেপ্টেম্বর ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের ৯ সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ পার্বত্যমন্ত্রীর
বান্দরবান পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন। ছবি: ডেইলি বাংলাদেশ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করে তিনি এ নির্দেশ দেন।

সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন শুরু করেন মন্ত্রী। এ সময় তিনি গুরুত্বপূর্ণ ৯টি সড়ক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সংস্কার ও পুনর্বাসন কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশের অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। বন্যার পর তাদের চলাচল ও দৈনন্দিন জীবনে সৃষ্ট ভোগান্তির বিষয়েও খোঁজখবর নেন তিনি।

Advertisement

মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, ‘সাম্প্রতিক বন্যায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক যোগাযোগব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো শুধু সাময়িকভাবে সংস্কার করলেই হবে না। ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো নির্মাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।

সাচিং প্রু জেরী আরও বলেন, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করা এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা দ্রুত স্বাভাবিক করাই এখন প্রধান লক্ষ্য। গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্বাসন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্যায় সড়ক ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক মন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, স্থানীয় সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয়রা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করা হলে পৌর এলাকার যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও অনেকটা কমবে।

ডেইলি-বাংলাদেশ/বান্দরবান
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!