ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

নিরাপদ সড়কে চালকদের জন্য বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৭, ১৮ অক্টোবর ২০২৬
নিরাপদ সড়কে চালকদের জন্য বিশেষ উদ্যোগ
সংগৃহীত ছবি

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে যানবাহন চালকদের চোখের স্বাস্থ্য রক্ষায় একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা বিতরণের সেবা চালু করা হয়েছে।

রবিবার বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মিনি কনফারেন্স রুমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যৌথভাবে এ আয়োজনের দায়িত্বে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেবামূলক সংস্থা ‘ভিশনস্প্রিং বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এছাড়াও ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এই যৌথ উদ্যোগের আওতায় রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগসহ মোট ৩৯টি মন্ত্রণালয়ের প্রায় ৩০০ জন চালকের দৃষ্টি পরীক্ষা করা হবে।

পাঁচ দিনব্যাপী এ সেবা কার্যক্রমটি দুটি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে ১৮ ও ১৯ অক্টোবর এবং দ্বিতীয় ধাপে ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত নির্ধারিত দপ্তরের চালকদের চোখ পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল অনুযায়ী যাদের প্রয়োজন, তাদের সম্পূর্ণ বিনামূল্যে চশমা দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!