ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জীবনের কঠিন সময়ের গল্প শোনালেন শাহীন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ২১ অক্টোবর ২০২২
জীবনের কঠিন সময়ের গল্প শোনালেন শাহীন আফ্রিদি
শাহীন শাহ আফ্রিদি

ইনজুরির কারণে এশিয়া কাপ ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে পারেননি পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম ভরসা শাহীন শাহ আফ্রিদি। এই সময়ে ইংল্যান্ডে পুনর্বাসনে ছিলেন এই পেসার। পুনর্বাসনের দিনগুলো কতটা কঠিন ছিল সেটাই এবার জানিয়েছেন তিনি।

গেল জুলাইয়ে গলে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের সময় ডান হাঁটুর লিগামেন্টে চোট পান শাহীন। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফেরেন এই পেসার।
 
সম্প্রতি সতীর্থ পেসার হারিস রউফের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রকাশিত একটি ভিডিওতে কথা বলতে দেখা যায় শাহীনকে। সেখানেই শাহীন জানিয়েছেন মাঠ থেকে দূরে থাকা তার জন্য কতটা কঠিন ছিল এবং এই সময়ে সতীর্থরা তাকে কতটা সাহস জুগিয়েছেন।
 
শাহীন বলেন, ‘এটি পুনর্বাসনের একটি কঠিন পর্যায় ছিল। আমি মাঠে খেলাকে মিস করেছি। তবে খেলা থেকে দূরে থাকা সত্ত্বেও মাঝে মাঝে আমার সতীর্থদের ফোন করেছি। তাদের সাথে কথা বলেছি।’

২২ বছর বয়সী এ পেসার আরও বলেন, ইনজুরি থেকে পুনর্বাসনের সময়গুলো তার জন্য বেশ কষ্টের ছিল। তবে সবকিছুর বিনিময়ে হলেও তিনি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলতে বদ্ধপরিকর ছিলেন।

Advertisement

‘প্রথমে আমি হাঁটতেও পারতাম না। কিন্তু লক্ষ্য ছিল টি-২০ বিশ্বকাপে খেলা। আমার ফোকাস ছিল ডাক্তারদের পরামর্শের দিকে।’ - শাহীন আরো যোগ করেন।

এমন চোট কতটা কঠিন ছিলো সেটা খোলাসা করে শাহীন বলেন, ‘আমি আগে কখনোই এমন চোট পাইনি। ব্রেস দিয়ে হাঁটার অনুভূতি বেশ কঠিন ছিল। আমি ব্যথা অনুভব করতাম। তবে এই ব্যাপারগুলো ধীরে ধীরে আয়ত্তে নিয়েছিলাম এবং উপকার পেয়েছি।’

দুঃসময়ে পরিবার ও সতীর্থদের পাশাপাশি পাশে থাকার জন্য ভক্তদেরও ধন্যবাদ জানান এই তারকা। শাহীনের ভাষ্য, ‘আমি আমার ভক্তদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’

এবারের আসরে পাকিস্তানের ভরসা শাহীনের বোলিং। বিশ্বকাপ অভিযানে এই পেসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই সবার বিশ্বাস। সব ঠিকঠাক থাকলে ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেই মাঠে নামবেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!