‘ভারতও বাজবল পারে, কিন্তু সবসময় খেলে না’
ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে ‘বাজবল’ নিয়ে বেশ আলোচনা চলছে। এই শব্দটির প্রতর্বক ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম। মূলত সাদা পোশাকের ক্রিকেটে আক্রমণাত্মক ঘরানার ক্রিকেটকে বাজবল হিসেবে বিবেচিত করা হয়। এমন ক্রিকেট নাকি ভারতও খেলতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিশান।
উইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ‘বাজবল’ ঘরানার ব্যাটিং করেন ইশান। এদিন চার নম্বরে নেমে খেলেন ৩৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। যা ভারতকে বড় লিড পেতে সাহায্য করে। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত বৃষ্টিতে ড্র হয়েছে।
আগামী দিনে ভারতের লাল বলের ক্রিকেটে ইশান যে আবার সুযোগ পাবেন, সেটা বলাই যায়। এই তরুণই এবার কথা বললেন বাজবল নিয়ে।
.png)
ইশান বলেন, ‘প্রতিদিন আগ্রাসী মেজাজে খেলা সম্ভব নয়। পুরোটাই পরিস্থিতির ওপর নির্ভর করে। উইকেট যদি ব্যাটিং সহায়ক হয়, তাহলে দ্রুত রান তোলা সম্ভব।’
তার ভাষ্যমতে, দলের প্রয়োজনে মাঝেমধ্যে এভাবে খেলতে হয়। তখন আগ্রাসী ক্রিকেট খেলাই যায়। কিন্তু সব ম্যাচে এভাবে খেলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমাদের দলে আগ্রাসী ব্যাট করার মতো ক্রিকেটার আছে। কিন্তু মনে হয় না টেস্ট ক্রিকেটে সব সময় ওভাবে খেলার কোনো প্রয়োজন আছে।