পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে ১৬০ রানের পরাজয়ে ১০ দলের গ্রুপ টেবিলের তলানিতে নেমে গেছে ডাচরা। বিপরীতে ভারত আট ম্যাচে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।
প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত রোববার ব্যাঙ্গালুরুতে গ্রুপের শেষ নিয়মরক্ষার ম্যাচটিতে নেদারল্যান্ডসসের মুখোমুখি হবে। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে পরাজিত করে অঘটনের জন্ম দেয় নেদারল্যান্ডস।
.png)
ভারতও তাদের শিকারে পরিণত হতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে ভারতীয় বংশোদ্ভূত ২৯ বছর বয়সী নিদামানুরু বলেছেন, ‘টেবিলের শীর্ষে থাকা এবারের আসরের সেরা দলের বিপক্ষে খেলতে নামাটাই আমাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি ব্যাপার।
এটা ক্রিকেট, এখাঁনে যেকোনো জয়ই সম্ভব। আমরা যেভাবে ক্রিকেট খেলছি তাতে প্রতিদিনই নিজেদের প্রমাণের চেষ্টা করছি। আমাদের দলে এমন কিছু ব্যাটার আছে যারা স্পিন ভালো খেলে।
একইসঙ্গে উইকেট নেয়ার মত বোলারও আমাদের দলে আছে, অবশ্যই এখানে ভাগ্যেরও একটি ব্যাপার আছে। নি:সন্দেহে ভারত এবারের আসরে সবচেয়ে শক্তিশালী দল। এই মুহূর্তে তারা অত্যন্ত ভাল ক্রিকেট খেলছে। কিন্তু হাস্যকর কিছু ঘটে যেতেও পারে।’
এবারের আসরে শুরু থেকেই ধুঁকতে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষেও নেদারল্যান্ডস এক সময় বেশ চাপ সৃষ্টি করেছিল। দলীয় ১৯২ রানে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়ে ডাচ বোলাররা নিজেদের শক্তিমত্তার পরিচয় দেয়।
কিন্তু বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিসহ ১০৮ রানের ইনিংসে বেন স্টোকস ইংল্যান্ডকে টেনে তোলেন। তার সঙ্গে ক্রিস ওকসের ৫১ রানে ইংল্যান্ড শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৩৯ রান করতে সক্ষম হয়।