এসসিজির জাদুঘরে রিজওয়ানের উপহার
দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-২০তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এমন সিরিজ শেষে দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে বিশেষভাবে স্মরণ রাখতে চায় সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)। যে কারণে সোমবার (১৮ নভেম্বর) স্টেডিয়ামটির জাদুঘরে রাখা হয়েছে রিজওয়ানের জার্সি ও গ্লাভস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-২০তে হারের পর সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হয় রিজওয়ানকে। এসময় তিনি সিডনি স্টেডিয়ামের সংগ্রহশালা ঘুরে দেখার আমন্ত্রণ পান। এসসিজির চাওয়া অনুযায়ী নিজের জার্সি ও গ্লাভস দিয়ে আসেন জাদুঘরে। জার্সি ও গ্লাভস দেওয়ায় রিজওয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্রিকেটের বৈশ্বিক ঐতিহ্য নিয়ে কাজ করা এই জাদুঘর।
এসসিজি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেইজের পোস্টে বলে, ‘পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তার এক জোড়া কিপিং গ্লাভস এবং একটি প্লেয়িং শার্ট সিডনি ক্রিকেট গ্রাউন্ড মিউজিয়ামে দান করেছেন। ধন্যবাদ মোহাম্মদ রিজওয়ান।’
.png)
মাঠের ক্রিকেটে যেমনই হোক, মানুষ হিসেবে রিজওয়ানের প্রশংসা না করে থাকা যায় না। মাঠের বাইরে এমন নানা দৃষ্টান্ত স্থাপন করে বহু আগেই সমর্থকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন রিজওয়ান। সে জায়গা যেন এবার আরও একটু পোক্ত হল।
উল্লেখ্য, এর আগে ওয়ানডে সিরিজ চলাকালীন বাবর আজম তার একটি ব্যাট দান করেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সংগ্রহশালায়। বাবর আজম তার সেই ব্যাটটি দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টি-২০ বিশ্বকাপ খেলেন।