ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

মাহমুদউল্লাহর আবেগঘন বার্তা মুশফিককে নিয়ে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৭, ৩০ নভেম্বর ২০২৬
মাহমুদউল্লাহর আবেগঘন বার্তা মুশফিককে নিয়ে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের অপেক্ষায় । তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রশংসা করে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

মুশফিককে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার ও দেশের ক্রিকেটের একজন গর্বিত প্রতিনিধি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মাহমুদউল্লাহ লেখেন, ‘প্রিয় মুশি, মাশাআল্লাহ। তোমার অবসর এবং অসাধারণ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’

মুশফিকের সঙ্গে দীর্ঘদিনের পথচলার স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, ‘আমি বহু বছর ধরে তোমাকে কাছ থেকে দেখেছি। একজন ক্রিকেটার ও ভাই হিসেবে সব সময় তোমাকে শ্রদ্ধা করেছি। বছরের পর বছর তুমি ক্রিকেটের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছ। আল্লাহ সব সময় তোমার প্রতি সদয় ছিলেন।’

মুশফিকের অবদান তুলে ধরে মাহমুদউল্লাহ লেখেন, ‘নিঃসন্দেহে তুমি বাংলাদেশের তৈরি করা অন্যতম সেরা ক্রিকেটার। দেশের ক্রিকেটের একজন অসাধারণ প্রতিনিধি। তুমি একজন চমৎকার মানুষ, যিনি নিজের ধর্মের প্রতি অত্যন্ত নিবেদিত।’

বার্তার শেষে মুশফিকের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়ে মাহমুদউল্লাহ লেখেন, ‘তোমার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা। হৃদয়ের গভীর থেকে তোমার প্রতি শ্রদ্ধা।’

২১ বছরের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানানোর কথা রয়েছে মুশফিকের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সম্প্রতি জানিয়েছেন, ওই দিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টই হবে মুশফিকের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ পথচলা শেষে সেই ইংল্যান্ডের বিপক্ষেই ঘরের মাঠে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের মার্চে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই ক্রিকেটার।

বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কৃতিত্ব রয়েছে মুশফিকের। এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলা এই ব্যাটারের নামের পাশে রয়েছে ৭ হাজার ৬২ রান। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। টেস্ট ক্রিকেটে তার ডাবল সেঞ্চুরির সংখ্যা তিনটি। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করার বিরল কীর্তিও রয়েছে তার। এ ছাড়া ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্টে ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করেন।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার অধিনায়কত্বে ২০১২ এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। এ ছাড়া টেস্টে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয় পায় টাইগাররা।

১৯৮৭ সালের ৯ মে বগুড়ায় জন্মগ্রহণ করেন মুশফিকুর রহিম। বগুড়া জিলা স্কুল, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!