ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বহিষ্কারের হুঁশিয়ারি এমপি হাফিজ ইব্রাহিমের
তৃণমূলের সাংগঠনিক ভিত সুদৃঢ় করা এবং দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রত্যয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম।
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির যেসব নেতাকর্মী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং দেশে অরাজকতা সৃষ্টির কর্মকাণ্ডে সহযোগিতা করছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার আলম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক কাজী মো. শহিদুল হক নাসিম, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আযম এবং পক্ষিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম।
এ ছাড়া অনুষ্ঠিত সভায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয় ৷