সূচির সংঘাতে আবারও আইপিএল-পিএসএল
আইপিএল ও পিএসএল টানা তৃতীয় বছরের মতো ২০২৭ সালেও একই সময়ে মাঠে গড়াবে। পিসিবি জানিয়েছে, পিএসএলের ১২তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত। অর্থাৎ আইপিএলের সম্ভাব্য সময়ের সঙ্গেই সরাসরি সাংঘর্ষিক হবে পিএসএলের সূচি।
২০২৪ সাল পর্যন্ত ফেব্রুয়ারি ও মার্চেই হতো পিএসএল। তবে আইসিসির ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে ২০২৫ সাল থেকে পিএসএলকে এপ্রিল-মে উইন্ডোতে সরিয়ে নিতে হয়। পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে সূচিতে এই পরিবর্তন আসে।
তবে আইপিএলের সঙ্গে সংঘর্ষ এড়াতে এবার পিএসএলকে আবারও জানুয়ারি-ফেব্রুয়ারিতে ফিরিয়ে নেওয়ার চিন্তা করেছিল পিসিবি। পিএসএলের মিডিয়া স্বত্ব পাওয়া ওয়ালি টেকনোলজিস বর্তমান সূচি নিয়ে আপত্তি জানিয়েছিল।
প্রতিষ্ঠানটির দাবি, রমজান মাসে অধিকাংশ বিজ্ঞাপনদাতা তাদের মার্কেটিং ও টেলিভিশন বিজ্ঞাপনের বাজেটের বড় অংশ ব্যয় করে ফেলেন। ফলে রমজানের পর পিএসএল আয়োজন করলে সম্প্রচার আয় কমে যাওয়ার ঝুঁকি থাকে।
তবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে পিএসএল আয়োজনেও বড় সমস্যা দেখছে পিসিবি। বিশেষ করে লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে ওই সময়ে তীব্র শীত ও ঘন কুয়াশা থাকে। এছাড়া পিএসএলের গুরুত্বপূর্ণ অংশ পড়ে যায় রমজান মাসে। শেষপর্যন্ত ফ্র্যাঞ্চাইজিদের ভোটাভুটির পর ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত পিএসএল আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।