ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বাংলাদেশ ]

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪, দায় স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৩, ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪, দায় স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে তাদের বয়স ও পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।

Advertisement

অপ্রতিম হত্যার ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আগে তিনজন এবং পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এখন তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

অপ্রতিম হত্যার দ্রুত বিচারে পুলিশ আদালতকে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিচারের সিদ্ধান্ত আদালত দেবেন, আর পুলিশ তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করবে।

অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কোটবাড়ী এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর শনিবার কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে একজনের বাড়ি থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!