ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মক্কা-জেদ্দা-তায়েফে জরুরি সতর্কতা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কা-জেদ্দা-তায়েফে জরুরি সতর্কতা
সংগৃহীত ছবি

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ তিন শহর জেদ্দা, মক্কা ও তায়েফে সম্ভাব্য হামলার শঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ (সিভিল ডিফেন্স) বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

Advertisement

সৌদি সিভিল ডিফেন্স জানায়, জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে কী ধরনের বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

সতর্কবার্তা পাওয়ার পর বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে জানালা থেকে দূরে কোনো অভ্যন্তরীণ কক্ষে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকতে বলা হয়েছে। সতর্কবার্তা পাওয়ার সময় যারা বাইরে ছিলেন, তাদের দ্রুত কাছের কোনো ভবনে ঢুকে আশ্রয় নিতে অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে অবস্থান করতে বলা হয়েছে।

গাড়িচালকদেরও সতর্ক করেছে সিভিল ডিফেন্স। জরুরি সতর্কবার্তা পাওয়ার পর সেতু ও উঁচু ভবনের কাছ থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পাশাপাশি কেবল সরকারি ও নির্ভরযোগ্য চ্যানেলের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

তবে সম্ভাব্য বিপদের ধরন বা এর উৎস সম্পর্কে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। ফলে জেদ্দা, মক্কা ও তায়েফে ঠিক কী কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছে, তা স্পষ্ট নয়।

এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সংঘাত বেড়েছে। হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এই পরিস্থিতির মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলের তিন গুরুত্বপূর্ণ শহরে জরুরি সতর্কতা জারি হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!