ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ‘শোকজ’ খেলেন ফেনী জেলা এনসিপি নেতা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১২, ২৫ জুন ২০২৬
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ‘শোকজ’ খেলেন ফেনী জেলা এনসিপি নেতা
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলীয় নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে পোস্ট দেওয়ায় সাংগঠনিক শাস্তির মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে এনসিপির কেন্দ্রীয় কমিটি।

গত বুধবার (২৪ জুন) দলের কেন্দ্রীয় দপ্তরের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমর ফারুকের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে কেন চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে। তাকে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজাউদ্দিনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগের কথা উল্লেখ করা হয়নি।

দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, সম্প্রতি ওমর ফারুক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ফেনী জেলা এনসিপির বর্তমান আহ্বায়ককে লক্ষ্য করে একটি কড়া পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, জেলা কমিটিতে এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যার দল চালানোর কোনো পূর্ব অভিজ্ঞতা বা যোগ্যতা নেই। কমিটি থেকে এমন ‘অযোগ্য ও কোরামবাজ’ ব্যক্তিদের বাদ দিয়ে যোগ্যদের মূল্যায়নের দাবি জানান তিনি।

এখানেই শেষ নয়, ওই পোস্টের কমেন্ট বক্সে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতকে ট্যাগ করে ফারুক আরও লেখেন যে, কেন্দ্রের নাম ভাঙিয়ে ফেনী জেলা এনসিপিকে অস্থিতিশীল করা হচ্ছে। নির্বাচনকালীন সময়ে দাগনভূঞা এলাকায় একজন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিয়ে দলকে কোণঠাসা করা হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন। কেন্দ্রীয় নেতাদের বিষয়টি জানানোর পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং একে দলের জন্য ‘অশনিসংকেত’ বলে মন্তব্য করেন।

দলীয় নেতাকর্মীদের প্রবল ধারণা, শীর্ষ নেতৃত্বকে নিয়ে সামাজিক মাধ্যমে এমন প্রকাশ্য সমালোচনা ও কাদা ছোঁড়াছুঁড়ির কারণেই কেন্দ্র থেকে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর জাহিদুল ইসলাম সৈকতকে আহ্বায়ক এবং শাহ ওয়ালী উল্লাহকে সদস্য সচিব করে ফেনী জেলা এনসিপির ৬৭ সদস্যের এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!