চট্টগ্রামের আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের পাশে দাঁড়াতে একটি বিশেষ ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১০ জুলাই) রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই বিশেষ টিমটি বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সহায়তায় সরাসরি মাঠ পর্যায়ে কাজ করবে। দুর্গতদের উদ্ধার কার্যক্রমের পাশাপাশি দ্রুত ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা পৌঁছাতে প্রয়োজনীয় সব ধরনের সমন্বয় করবে এই দল।
জরুরি এই ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যরা হলেন— জাওয়াদুল করিম, জোবাইফুল হাসান আরিফ, এ. এস. এম. সুজা উদ্দিন, জোবায়ের মানিক, মীর শোয়াইব, আরিফ মঈনুদ্দীন, মোহাম্মদ সিফাত হোসাইন, সাজ্জাদ উদ্দিন, মিশকাত হোসেন, আকাশ নূর, আনোয়ারুল হক, আব্দুল করিম, আলী নেওয়াজ ইমন, রকিবুল হাসান, মোহাম্মদ আজাদ এবং আবদুর রহমান।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আরও জানানো হয়, বন্যাদুর্গত এলাকায় যেন দ্রুত খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করা যায় এবং উদ্ধার অভিযান আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হয়, সেই লক্ষ্যেই এই টিমটি গঠন করা হয়েছে।