ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির সামনে আবেগঘন হুমাম কাদের
ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও নিজের দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি প্রকাশ করেন তিনি। পোস্টে হুমাম কাদের উল্লেখ করেন, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ঐতিহাসিক এই সংসদ ভবনে দাঁড়ানোর মুহূর্তটি তার কাছে অত্যন্ত গর্বের। একই সঙ্গে এটি তাদের পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার স্মারক।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইতিহাস যখন একান্ত ব্যক্তিগত হয়ে ওঠে, তখন তা শুধু অতীতের সঙ্গে যুক্ত করে না, ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।
ছবিটিকে নিছক একটি মুহূর্তের স্মৃতি হিসেবে না দেখে প্রজন্ম থেকে প্রজন্মের আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার এবং জনসেবার প্রতি দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছে। সফরের অংশ হিসেবে বুধবার প্রতিনিধিদলটি ইসলামাবাদের পার্লামেন্ট হাউস পরিদর্শন করে এবং জাতীয় পরিষদের হলরুম ঘুরে দেখে।
এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে পার্লামেন্ট ভবনের ঐতিহাসিক তাৎপর্য ও আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।