ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

গণভোট এখন বিএনপি আর মানতে চায় না: আখতার হোসেন

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ১৯ জুলাই ২০২৬
গণভোট এখন বিএনপি আর মানতে চায় না: আখতার হোসেন
দিনাজপুরের বোচাগঞ্জে সমাবেশে আখতার হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘বাংলাদেশের মানুষ গণভোটে অংশ নিয়েছে এবং সবাই মিলে গণভোটকে জয়যুক্ত করেছে। কিন্তু এই জয়ী গণভোট এখন বিএনপি আর মানতে চায় না।’

শনিবার (১৮ জুলাই) রাত ১০টায় জুলাই পদযাত্রা উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিটি করপোরেশনগুলোতে একটি নির্দিষ্ট দলের লোকদের প্রশাসক করা হয়েছে এবং ইউনিয়নগুলোতেও তাদের দলের লোকদের প্রশাসক করার পাঁয়তারা করছে।

Advertisement

তিনি আরও বলেন, বাংলাদেশে একবার বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হয়েছিল। এখন আবার স্থানীয় সরকারে দলীয় লোকদের বসানোর মাধ্যমে সেই ধরনের একদলীয় শাসনব্যবস্থার প্রতিষ্ঠা করার দিকে  অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ শুধু বিএনপির নয়, এটি সকল মানুষের দেশ। জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, তাদের হাতেই স্থানীয় সরকারের দায়িত্ব দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আর বিলম্ব করার সুযোগ নেই। দেশের প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশটাকে সঠিকভাবে অগ্রসর করার সকল ব্যবস্থা এই সরকারকে গ্রহণ করতে হবে।  

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি, সীমান্ত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। দিল্লি থেকে লোক এসে দূরবীন দিয়ে সীমান্ত পর্যবেক্ষণ করছে। কিন্তু বাংলাদেশের মানুষের দেশের সীমান্ত রক্ষায় কোনো দূরবীনের প্রয়োজন নেই। দেশের মানুষ যদি বুঝতে পারে সীমান্তে আগ্রাসন হচ্ছে, তাহলে তারা হাতে যা আছে—দা, বটি কিংবা লাঠি নিয়ে খালি বুকেই সীমান্তে ছুটে যাবে। বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডও কাউকে দখল করতে দেওয়া হবে না।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!