ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

‘বয়কট হাসনাত’ স্লোগানে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৮, ২৯ আগস্ট ২০২৬
‘বয়কট হাসনাত’ স্লোগানে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
সংগৃহীত ছবি

জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা দেখা দিয়েছে। তার বক্তব্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Advertisement

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সময়ের হত্যাকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জেলায় কনসার্ট ও নৌকাবাইচের মতো সাংস্কৃতিক আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াকে একটি সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করলেও সেখানে গান-বাজনা ও সিনেমাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক করতে কতটা সফল হয়েছেন।

তার এই বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইউনিসিয়া মাদরাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশ নেন। এ সময় হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!