আসিফ নজরুল ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী : নাসির উদ্দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, আসিফ নজরুল সরকারে বিভিন্ন জটিলতা তৈরি করেছেন এবং দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ নজরুলকে নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘আসিফ নজরুল দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী। তবে শিক্ষক হিসেবে তাকে সম্মান করি।’
.png)
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল তাকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু পরে তিনি সেই প্রতিশ্রুতি রাখেননি।
তিনি বলেন, ‘আমি আসিফ নজরুলকে এ জন্য দেখতে পারি না। তিনি আমাকে বলেছিলেন, সরকার গঠন হওয়ার পরে রাষ্ট্রপতিকে সরাবেন।’
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, সরকার গঠনের সময় বিভিন্ন বিষয়ে আসিফ নজরুল ‘ভেতরে ভেতরে ঘুঁটি চালার’ চেষ্টা করেছিলেন। তার দাবি, ঘোষণাপত্র ও জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময়ও আসিফ নজরুল নানা পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় আসিফ নজরুলের বিভিন্ন পর্যায়ে উপস্থিত থাকার কথাও উল্লেখ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সেনানিবাসে যাওয়ার সময় আসিফ নজরুল নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে বঙ্গভবনে যাওয়ার সময় তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বাইরে বসিয়ে রাখা হয়েছিল।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, আসিফ নজরুল সেখানে ভিড়তে গেলে সেদিন সরকার গঠনই সম্ভব হতো না।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুলের গবাদি পশু পালনের প্রসঙ্গ টেনে তার সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘তিনি ইন্টেরিমের টাইমে ছাগল পালতে যাবেন কেন, গরু পালতে যাবেন কেন?’