ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:০১, ৬ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা। ছবি-ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে মাইজদীর নবাব কনভেনশন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মাদ সাইফুল ইসলাম।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া, সেক্রেটারি হাফেজ কাউছার আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুদ্দাছির হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা ইব্রাহিম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি প্রভাষক মাকসুদুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বক্তারা বলেন, যুবসমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। দেশ ও জাতির কল্যাণে যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথির পরামর্শক্রমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির নেতাদের শপথবাক্য পাঠ করানো হয়।

ডেইলি-বাংলাদেশ/নোয়াখালী/এমকে
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!