জাবিতে কোরীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, তায়কান্দো কর্মশালার প্রস্তাব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে আসা একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাতে যুব নেতৃত্ব, জলবায়ু কার্যক্রম ও তায়কান্দো প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি ইও জিইয়ন (EO Jiyoun) ও লিম বঙ ট্যাক (Lim Bong Taek) যুব নেতৃত্ব ও তায়কান্দো বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধিদলটি আগামী ১৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ ক্লাইমেট অ্যাকশন প্রজেক্ট’ উপস্থাপনের আগ্রহ প্রকাশ করে।
এ ছাড়া ২০২৭ সালের ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে তায়কান্দো বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনেরও আগ্রহ জানায় তারা।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম কোরীয় প্রতিনিধিদলকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং তাদের আগ্রহের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রস্তাবিত দুটি আয়োজন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. খন্দকার মো. শরিফুল হুদা, শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক আজমল আমীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ উপপরিচালক মো. কামরুজ্জামান।
তায়কান্দো দক্ষিণ কোরিয়ায় উদ্ভূত একটি মার্শাল আর্ট ও আত্মরক্ষার কৌশল। এতে লাথি, ঘুষি, প্রতিরোধ ও শরীরের ভারসাম্য ব্যবহারের বিভিন্ন কৌশল শেখানো হয়। শারীরিক সক্ষমতার পাশাপাশি মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বৃদ্ধিতেও এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তায়কান্দো অলিম্পিকের স্বীকৃত একটি খেলাও।