বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চবির ৭ শিক্ষক-গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৭ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে এ তালিকা প্রকাশ করে।
২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকদের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ৭ জন গবেষক স্থান পেয়েছেন। বিশ্ব র্যাংক অনুযায়ী তালিকায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে এ. এন. এম. আলমগীর (৬০,৬২৪তম), খান তৌহিদ ওসমান (৯৬,০৬৫তম), এস. এম. এ. কাওসার (১৫৪,৪০৮তম), এমরানুল কবির (২০৫,০৬৫তম), ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন (২০৮,১৭৯তম), এস. এম. শরীফুজ্জামান (৩১৩,৬২৯তম) এবং ড. মো. আতিয়ার রহমান (৩৬৭,৫২৫তম) অবস্থানে রয়েছেন।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে চবির উপাচার্য ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আমাদের সহকর্মীরা এরকম সম্মানজনক স্থান অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা এরকমই একটি বিশ্ববিদ্যালয় চেয়েছি এবং কাজ করে চলেছি। যেন আমাদের বিশ্ববিদ্যালয়টি গবেষণার চারণভূমিতে পরিণত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।