চবিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে চবি ছাত্রদলের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে চবি ছাত্রদল।
রবিবার (১১ অক্টোবর) প্রশাসনের কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা, বিদ্যুৎ সাশ্রয় ও শিক্ষার্থীদের আবাসিক জীবন স্বাভাবিক রাখতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। আবাসিক হল, অনুষদ, বিভাগ, গ্রন্থাগার ও প্রশাসনিক ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন করা হলে বিদ্যুৎ ব্যয় কমবে, প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং পরিবেশদূষণও কমবে। উপযুক্ত বিদ্যুৎ সংরক্ষণব্যবস্থা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করা গেলে লোডশেডিংয়ের সময়ও গুরুত্বপূর্ণ শিক্ষা ও আবাসিক কার্যক্রম সচল থাকবে।
সৌরবিদ্যুৎ স্থাপনে চবি ছাত্রদল প্রশাসনের কাছে ছয় দফা প্রস্তাব তুলে ধরে,
1. গ্রন্থাগার ও প্রশাসনিক ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন।
2. ভবনের ছাদের উপযোগিতা, বিদ্যুতের চাহিদা, কারিগরি সক্ষমতা ও সম্ভাব্য ব্যয় বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ স্থাপন।
3. বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল, সরকারি বরাদ্দ, সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহায়তা ও অন্যান্য অর্থায়নের সুযোগ অনুসন্ধান।
4. প্রাথমিকভাবে কয়েকটি উপযুক্ত আবাসিক হল ও অনুষদে পরীক্ষামূলক সৌরবিদ্যুৎ স্থাপন এবং পরে সমগ্র ক্যাম্পাসে সম্প্রসারণ।
5. নিজস্ব চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা যাচাই এবং এ ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুসরণ।
6. বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা মূল্যায়নের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন ও বাস্তবায়ন রূপরেখা প্রণয়ন।
স্মারকলিপিতে আরও বলা হয়, সৌরবিদ্যুৎ স্থাপিত হলে বিদ্যুৎ সংকটের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি আবাসিক হলে শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক থাকবে। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবে।
স্মারকলিপি প্রদানের সময় চবি ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।