ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রশ্ন করতে না দেওয়ার অভিযোগ, খুলনার ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ১১ অক্টোবর ২০২৬
প্রশ্ন করতে না দেওয়ার অভিযোগ, খুলনার ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। ছবি: ডেইলি বাংলাদেশ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা। অথচ সেখানে প্রশ্ন করার সুযোগ নেই, ছবি তোলা ও ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা। কথা বলতে গেলেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে নবনিযুক্ত খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের মতবিনিময় সভা বর্জন করেছেন খুলনার সাংবাদিকেরা।

রোববার (১১ অক্টোবর) বেলা ৩টার দিকে ডিআইজি কার্যালয়ে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের অভিযোগ, পুলিশের অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা অনিয়মের বিষয়ে প্রশ্ন করতে গেলে উত্তর দেওয়ার পরিবর্তে তাদের উপদেশ দেওয়া হয়। একপর্যায়ে কথা বলার সুযোগ না পাওয়ায় তারা সভা থেকে বেরিয়ে যান।

গত ১৮ সেপ্টেম্বর খুলনা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নেন মো. রেজাউল করিম। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সভায় অংশ নেওয়া সাংবাদিকদের অভিযোগ, মতবিনিময়ের কথা বলা হলেও তাদের পরিচয়পর্বের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বলা হয়। ছবি তোলা ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে এবং নিজেদের বক্তব্য তুলে ধরতে চাইলে তাদের থামিয়ে দেওয়া হয়। ডিআইজি সাংবাদিকদের প্রশ্ন শোনার পরিবর্তে উপদেশ দিতে থাকেন।

সাংবাদিকদের প্রশ্ন, যে সভার উদ্দেশ্য পারস্পরিক মতবিনিময়, সেখানে তাদের কথা বলার সুযোগ না থাকলে এমন আয়োজনের প্রয়োজন কী? তাদের মতে, পুলিশের কার্যক্রম, অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালনের সুযোগ সীমিত করে প্রকৃত অর্থে মতবিনিময় সম্ভব নয়।

সভা বর্জনের সময় এক সাংবাদিক বলেন, খুলনায় পুলিশের কার্যক্রম, অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রত্যাশা নিয়ে তারা সভায় অংশ নিয়েছিলেন। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য শোনার পাশাপাশি নিজেদের প্রশ্ন ও অনুসন্ধানের বিষয়গুলো তুলে ধরাও তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু সেই সুযোগ না পাওয়ায় তারা হতাশ হয়েছেন।

এদিকে সভায় পুলিশের সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগের বিষয়ে বক্তব্য দেন ডিআইজি মো. রেজাউল করিম। তিনি বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট একটি ঘটনায় দায়িত্বে থাকা পরিদর্শক আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মানবিক বিবেচনায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে দায়িত্বে অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ডিআইজি আরও বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি অপরাধের পেছনে কারা জড়িত, তা-ও তদন্ত করা হবে। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি বা হয়রানির অভিযোগ থাকলে তা তাকে জানানোর আহ্বান জানান তিনি। সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।

তবে পুলিশের অনিয়ম, অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করার সুযোগ না দেওয়ার অভিযোগে শেষ পর্যন্ত সভা বর্জন করেন সাংবাদিকেরা। পরিচিতি ও মতবিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত সভায় সাংবাদিকদের কথা বলার সুযোগ নিয়ে সৃষ্ট এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!